Sunday, December 24, 2017

কবিতা / ইছামতির কথা/ পিনাকী দত্ত গুপ্ত


 তোমায় কখনো দেখিনি, কথাও হয়নি কখনো।
তবুও সেদিন রাতে রেডিওতে 'ইছামতির কথা'
 শুনতে শুনতে তোমায় মনে পড়ল। মনে হ'ল
, ইছামতির ঢেউয়ে ঢেউয়ে ভিজে গেছে তোমার
 দোহারা শরীর। আকাশ থেকে ঝরে পড়ছে তারা।
 রাত্রি ঘুমিয়ে আছে অববাহিকার সাথে, দ্বিধাহীন।
ছলাত ছলাত শব্দে তুমি আর ইছামতি এক হয়ে
গেছো। তারপর শুধু এক অন্ধকার, ঘন অন্ধকার।

 তোমাকে কিছু বলতে গিয়ে দেখি, ওরা একে একে
 ঘিরে দাঁড়িয়েছে। চাঁদের স্তিমিত আলোয় ওদের
রুপোলি চোখ চিকচিক ক'রে ওঠে। ওরা চেয়ে থাকে
অপলক। আমি চুপ করে থাকি। অববাহিকার বুকে
 জঙলি ঘাসের বনে শুয়ে থাকে বুনো হাঁস, জোনাকি
 ও ধূর্ত শেয়াল। আমি জেগে থাকি মৃত প্রহরীর মত।
 ছায়াগুলি একে একে ফিরে যায়। ইছামতি বয়ে চলে।
 যদিও তোমায় জানি দেখিনি কখোনো, তবু মনে হয়

রেডিওতে বেজে চলেছে ইছামতির সুর। বাকি তারা
 নেমে এলে, আমিও হয়ত ভেসে যাব কোন রাতে...

 ইছামতির নরম ঢেউয়ে লেগে থাকবে তোমার গন্ধ।

No comments:

Post a Comment

সম্পাদকীয় ও চিত্রাঙ্কন-গৌতম সেন ... সম্পাদনা ও কারিগরী সহায়তা - নূপুর বড়ুয়া

সম্পাদকীয় ও চিত্রাঙ্কন-গৌতম সেন ... সম্পাদনা ও কারিগরী সহায়তা - নূপুর বড়ুয়া